রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নতুন নিয়ম অনুযায়ী ২০২৭ সালের হজে কারা অংশ নিতে পারবেন না?

জাতীয় ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ০৩:৫১ পিএম

নতুন নিয়ম অনুযায়ী ২০২৭ সালের হজে কারা অংশ নিতে পারবেন না?

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

আগামীকাল ২৭ জুলাই শুরু হতে যাওয়া ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন উপলক্ষে ধর্ম মন্ত্রণালয় নতুন বিধিনিষেধ জারি করেছে। প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হজযাত্রীদের বয়স, শারীরিক ফিটনেস এবং প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়।নতুন নীতি অনুযায়ী ১৫ বছরের কম বয়সী কোনো ব্যক্তি ২০২৭ সালের হজে অংশ নেওয়ার সুযোগ পাবেন না।

একই সঙ্গে বেশ কিছু শারীরিক জটিলতা ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের জন্য হজে গমনাগমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, হৃদযন্ত্র, ফুসফুস, লিভার ও কিডনি রোগে মারাত্মকভাবে আক্রান্ত ব্যক্তিরা শারীরিক ফিটনেস সনদ পাবেন না। এছাড়া স্নায়ুবিক সমস্যা, মানসিক ব্যাধি, ডিমেনশিয়া এবং কেমোথেরাপি কিংবা রেডিওথেরাপির অধীনে থাকা ক্যানসার রোগীরা হজের প্রাথমিক তালিকার বাইরে থাকবেন।

জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করতে পারে এমন যেকোনো সংক্রামক ব্যাধি যেমন যক্ষ্মা এবং হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তিদেরও চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। এছাড়া ঝুঁকিপূর্ণ কিংবা গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারী আবেদনকারীরা হজযাত্রার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রাথমিক নিবন্ধনের সময় বাধ্যতামূলকভাবে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ থাকা পাসপোর্ট জমা দিতে হবে।

ধর্ম মন্ত্রণালয় আরও জানায়, সরকারি ও বেসরকারি যেকোনো মাধ্যমে সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা যাবে। তবে এর আগে বাধ্যতামূলকভাবে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন শেষ করতে হবে এবং আগামী ১০ ডিসেম্বরের মধ্যে বাকি টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে।