আগস্ট ৬, ২০২৬, ০৩:৫৪ পিএম
পাইলট প্রকল্পের সফল সমাপ্তির পর আগামী ১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হতে যাচ্ছে। কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান সশরীরে উপস্থিত থেকে এই গুরুত্বপূর্ণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এই উদ্যোগের আওতায় আগামী চার বছরের মধ্যে দেশের প্রায় এক কোটি ৬০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এই তথ্য জানানো হয়।সভায় সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান যে ফ্যামিলি কার্ড বিতরণে যাতে কোনো উপযুক্ত ব্যক্তি বাদ না পড়েন এবং অযোগ্য কেউ সুবিধাভোগী না হন, সেজন্য তথ্য নিয়মিত হালনাগাদ করা হবে।
এটি একটি গতিশীল বা ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবস্থা হিসেবে পরিচালিত হবে, যেখানে মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তথ্য সংশোধন করা হবে। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে সম্পূর্ণ অনলাইনে এই কার্যক্রম তদারকি করা হবে।ধর্ম, গোত্র বা রাজনৈতিক বিশ্বাসের ঊর্ধ্বে থেকে কেবল মানবিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের নীতির আলোকে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
অক্টোবরের শেষ নাগাদ পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে। পরিবারের নারী সদস্যদের হাতে সহায়তার অর্থ পৌঁছানোর মাধ্যমে শিশুদের শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে এটি বিশেষ ভূমিকা রাখবে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তিন স্তরের তদারকি ব্যবস্থার পাশাপাশি দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে স্বাধীন গবেষণারও ব্যবস্থা রাখা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন