বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

শহিদ পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৯:৩৯ পিএম

শহিদ পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী

ছবি: সংগৃহীত

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ যাবৎকালের সব গণতান্ত্রিক আন্দোলনে শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি শহিদদের আত্মত্যাগ ও মূল্যবোধকে ধারণ করে সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শহিদদের অবদানকে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে সর্বোচ্চ মূল্যায়ন করার তাগিদ দেন তিনি।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে শহিদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে শহিদ ফারহান ফাইয়াজের ১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, গত ১৫ বছর ধরে জনগণের নিরন্তর ও আপসহীন সংগ্রামের মধ্য দিয়েই আজকের এই বাংলাদেশ অর্জিত হয়েছে, যার সুবাদে মানুষ এখন মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে কথা বলতে পারছে। 

অনুষ্ঠানে শহিদ ফারহান ফাইয়াজের স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর পিতা আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়া ও মাতা ফারহানা দিবা আবেগাপ্লুত হয়ে পড়েন। সন্তানের ফেলে যাওয়া স্মৃতি স্মরণ করে তাঁদের কণ্ঠ রুদ্ধ হয়ে এলে পুরো অনুষ্ঠানস্থলে এক হৃদয়স্পর্শী ও নিস্তব্ধ পরিবেশ তৈরি হয়। ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও উল্লেখ করেন, বর্তমান সরকার একটি বৈষম্যহীন, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে, যেখানে প্রতিটি নাগরিকের মর্যাদা, ন্যায়বিচার এবং সুশাসন নিশ্চিত হবে। 

অনুষ্ঠানে শহিদ ফারহান ফাইয়াজের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং পরবর্তীতে তাঁর জন্মদিন উপলক্ষে কেক কেটে এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে শহিদ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নেন।