রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গ্রামাঞ্চলের মানুষকে চিকিৎসা দিতে হেলথ হাব গড়ে তোলা হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক

আগস্ট ৯, ২০২৬, ০১:০৪ পিএম

গ্রামাঞ্চলের মানুষকে চিকিৎসা দিতে হেলথ হাব গড়ে তোলা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

গ্রামাঞ্চলের সাধারণ মানুষকে চিকিৎসার জন্য অপ্রয়োজনে শহরমুখী হতে বাধ্য না করে নিজ এলাকায় মানসম্মত চিকিৎসাসেবা প্রাপ্তি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে বিশেষায়িত ‘হেলথ হাব’ গড়ে তোলার সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য খাতের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে মাঠপর্যায়ে তদারকি কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

রোববার সকালে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই পরিকল্পনার কথা জানান।সরেজমিনে হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যসেবার সার্বিক ব্যবস্থাপনা এবং বিভিন্ন স্তরের অব্যবস্থাপনা দেখতে পেয়ে মন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। প্রশাসনিক কাজে চরম অসন্তোষের জেরে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীনকে স্ট্যান্ড রিলিজের সুনির্দিষ্ট নির্দেশ প্রদান করেন তিনি। 

এ সময় তার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক উপস্থিত থেকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী মন্তব্য করেন যে বিগত সরকারের সময়গুলোতে স্বাস্থ্য খাতের উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলে গোটা ব্যবস্থায় এক ধরনের ভঙ্গুর পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত মূল্যে চিকিৎসাসামগ্রী ক্রয়সহ অতীতের নানা অনিয়মের মাধ্যমে সরকারি অর্থের অপচয় করা হয়েছে বলে তিনি অভিযোগ তোলেন। 

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে মাঠপর্যায়ের চিকিৎসালয়গুলোর জবাবদিহিতা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে।মন্ত্রীর এই কঠোর ও সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় স্বাস্থ্য প্রশাসন ও চিকিৎসকদের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও সতর্কতার সৃষ্টি হয়েছে।