আগস্ট ১৩, ২০২৬, ০৯:৩৭ পিএম
নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের খসড়া প্রস্তাবনা চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের জুলাই মাস থেকেই এর আংশিক বাস্তবায়ন কার্যকর করার প্রস্তাব রাখা হয়েছে। ধাপে ধাপে ২০২৮ সালের জানুয়ারির মধ্যে পুরো পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হলেও কত ধাপে এটি কার্যকর হবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।বুধবার অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাবনাটি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য নীতিগতভাবে চূড়ান্ত করা হয়।
অর্থ বিভাগ গত জুলাইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নবম পে-স্কেলের রূপরেখা সম্পর্কে অবহিত করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই আলোচনার ভিত্তিতেই প্রস্তাবনাটি তৈরি করা হয়েছে। নতুন বেতন কাঠামোয় উচ্চ গ্রেডের কর্মচারীদের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।জনপ্রশাসন বিশেষজ্ঞরা মনে করছেন, নিম্ন গ্রেডের কর্মচারীরা বর্তমানে জীবনযাত্রার উচ্চ ব্যয়ের কারণে চরম দুর্দশায় রয়েছেন। তাই তাদের বেতন ধাপে ধাপে না বাড়িয়ে তাৎক্ষণিকভাবে উল্লেখযোগ্য হারে বাড়ানো উচিত।
এদিকে নবম পে-স্কেল চূড়ান্ত করার প্রক্রিয়ায় বিচার বিভাগ-সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিয়েছে। এসব জটিলতা নিরসনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের একটি বিশেষ মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সুপারিশ পাওয়ার পর চূড়ান্ত খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় ধরে নতুন কোনো বেতন কাঠামো ঘোষণা করা হয়নি। এর মধ্যে জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বাড়ায় নতুন পে-স্কেলের দাবি জোরালো হয়। ২০২৫ সালের জুলাইয়ে পে-কমিশন মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছিল।নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর গঠিত বিশেষ কমিটির পর্যালোচনার ভিত্তিতে এখন বেতন কাঠামোর চূড়ান্ত রূপ নির্ধারণের কাজ চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন