সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সরকার গঠনের ৬ মাস পর মন্ত্রিসভায় বড় রদবদলের জোর গুঞ্জন

জাতীয় ডেস্ক

আগস্ট ১৪, ২০২৬, ১০:৩৭ এএম

সরকার গঠনের ৬ মাস পর মন্ত্রিসভায় বড় রদবদলের জোর গুঞ্জন

ছবি : সংগৃহীত

বর্তমান সরকার গঠনের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার প্রাক্কালে প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয় ও রাজনৈতিক অঙ্গনে মন্ত্রিসভায় রদবদল নিয়ে জোরালো আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে রাষ্ট্রপতির নাম ঘোষণার পর থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তনের সম্ভাবনা ঘনীভূত হচ্ছে। আগামী ১৬ আগস্ট সরকারের প্রথম ১৮০ দিন পূর্ণ হতে চলায় নতুন মন্ত্রী অন্তর্ভুক্তির পাশাপাশি কয়েকজনের দপ্তর পুনর্বণ্টনের গুঞ্জন স্পষ্ট হয়ে উঠছে।

মন্ত্রণালয়গুলোর সার্বিক কাজের গতি ও পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই মূল্যায়ন চলছে।সরকার চালুর প্রথম বৈঠকেই প্রধানমন্ত্রী সব মন্ত্রণালয়কে নির্ধারিত কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং ছয় মাস পর সার্বিক কাজের মূল্যায়নের বিষয়ে সতর্ক করেছিলেন। সেই নির্ধারিত সময়সীমা ঘেনিয়ে আসায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা, প্রশাসনিক সমন্বয়, সংসদের ভূমিকা এবং রাজনৈতিক সক্ষমতার বিষয়ে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। মূল্যায়নে যারা পিছিয়ে থাকবেন, তাদের দপ্তর পরিবর্তন বা নতুনদের সুযোগ দেওয়ার নীতি তৈরি হচ্ছে।

বর্তমান মন্ত্রিসভায় একাধিক মন্ত্রীর হাতে দুই বা তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। অতিরিক্ত দায়িত্বের কারণে কাজের গতি বিঘ্নিত হওয়ায় কয়েকটি দপ্তর ভাগ করে নতুন মুখের ওপর দায়িত্ব ন্যস্ত করার বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে। এছাড়া টেকনোক্র্যাট কোটায় নতুন কয়েকজনকে যুক্ত করা এবং সমমনা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোর পথও খোলা রাখা হয়েছে।

বিশেষ করে স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, শিক্ষাসহ বেশ কয়েকটি স্পর্শকাতর মন্ত্রণালয় নিয়ে রাজনৈতিক পর্যায়ে নানামুখী আলোচনা চলছে। যেসব মন্ত্রণালয়ের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে, সেগুলোতে কার্যকারিতা বাড়াতে প্রশাসনিক পর্যায় থেকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।চূড়ান্ত পরিবর্তনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিবেচনা ও অনুমোদনের ওপর নির্ভর করছে।