সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৮:৩০ পিএম
সামুদ্রিক মাছের পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে মিঠাপানির মাছ রপ্তানি করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে তিনি এ কথা বলেন। সরকারের লক্ষ্য, মাঠের অভিজ্ঞতা, জনগণের চাহিদা ও ভবিষ্যৎ পরিকল্পনা সমন্বয় করে মন্ত্রণালয়কে এগিয়ে নিতে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
কমিটির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে সভাপতি, সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিচিতি পর্বে অংশ নেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে দপ্তর ও সংস্থাসমূহের জনবল কাঠামো, পরিচিতি এবং নিয়মিত কার্যাবলি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। মন্ত্রী বলেন, একটি শক্তিশালী, কর্মক্ষম ও সুস্থ জাতি গঠনে এই মন্ত্রণালয়ের দায়িত্ব অপরিসীম। দেশের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আন্তর্জাতিক বাজারে রপ্তানি পণ্য হিসেবে এগিয়ে নেওয়াই বর্তমান প্রশাসনের অন্যতম মূল উদ্দেশ্য।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিপুল জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি জোগানে নিয়মিত কাজ করছে বলে উল্লেখ করেন সভাপতি খায়রুল কবির খোকন।
তিনি কমিটির সদস্য ও কর্মকর্তাদের শতভাগ স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন। একই সঙ্গে মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। এসব প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন সভাপতি।
কমিটির পক্ষ থেকে শূন্য পদ পূরণের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়। বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন, সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম এবং আমির হামজা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন