আগস্ট ১৮, ২০২৬, ১০:৩৩ এএম
লিবিয়ার বিভিন্ন বন্দিশালায় আটক থাকা ১৭৪ জন বাংলাদেশি নাগরিক অবশেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এ নিয়ে চলতি আগস্ট মাসেই মোট ৫১৪ জন বাংলাদেশিকে নিরাপদ ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে আনা সম্ভব হলো।দেশে ফেরা এই দলটিতে তিন জন নারী, এক জন শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছেন।
বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার যৌথ উদ্যোগে লিবিয়ার বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের মানবিকভাবে উদ্ধার করে এই প্রত্যাবাসন সম্পন্ন করা হয়। লিবিয়া হয়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করার সময় তারা বিভিন্ন সময়ে আটক বা উদ্ধার হয়েছিলেন।
পরবর্তীতে দীর্ঘ সময় ধরে ওই বন্দিশালায় অত্যন্ত মানবেতর পরিস্থিতিতে তাদের জীবন কাটাতে হয়।অবৈধ অভিবাসনের এই ভয়াবহ ঝুঁকি ও পরিণতি থেকে তরুণ সমাজকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি বিদেশে আটকে থাকা অন্যান্য বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন