বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাতীয় ডেস্ক

আগস্ট ২০, ২০২৬, ০২:৪৯ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ছবি : সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করেছেন সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার পর জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই ভোটগ্রহণ শুরু হয়। প্রথমে ভোট প্রদান করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

দীর্ঘ ৩৫ বছর পর দেশে পুনরায় একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন জানিয়েছে, সিইসিকে সহায়তা করার জন্য ২০ জন কর্মকর্তাকে সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নির্বাচনে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বসে সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।