বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শহিদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ:প্রধানমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৯, ২০২৬, ০৪:০৯ পিএম

শহিদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ:প্রধানমন্ত্রী

দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহিদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহিদ পরিবারের ৭৪ জন সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

সীমিত সম্পদের মধ্যেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন সরকারপ্রধান।সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার দৃঢ় আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী জানান, সীমিত সম্পদের মধ্যেও সর্বোচ্চ চেষ্টা থাকবে পাশে থাকার। যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সরকার অতীতেও পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও সব সময় পাশে থাকবে।

অনুষ্ঠানে অনুপস্থিত ব্যক্তিদের স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আজকের এই দিনটি অত্যন্ত বেদনাদায়ক। যাদের আজ মাঝে থাকার কথা ছিল, দুঃখজনকভাবে তারা কেউ নেই। তাদের মহান ত্যাগের বিনিময়েই আজ দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতাত্তোর বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রাম এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানের আত্মদানকারীদের কথা স্মরণ করে তিনি বলেন, সবার লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই সরকার কাজ করে যাচ্ছে। সংগ্রামের সঙ্গে জড়িতদের আত্মত্যাগ সরকারের কাজের মূল প্রেরণা হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন এবং নিজেদের অনুভূতি প্রকাশ করেন। এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।