বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় ডেস্ক

আগস্ট ৩০, ২০২৬, ১১:৩৩ এএম

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে প্রধানমন্ত্রীর বার্তা

ছবি : সংগৃহীত

বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর হলো গুম বা এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স। এটি মানবাধিকারের চরমতম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই কথা জানান। বর্তমান সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে।

রোববার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশসহ বিশ্বের সব গুম হওয়া ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক সংঘাতপূর্ণ অঞ্চলে রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবহার করে ভিন্নমতের রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে গুমের মতো নিষ্ঠুর পথ বেছে নেওয়া হয়েছিল।

পতিত ফ্যাসিস্ট সরকার দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার দমন করতে গুম ও অপহরণের পথ বেছে নিয়েছিল বলে বাণীতে উল্লেখ করা হয়। বিরোধীদের আটকে রাখার জন্য তৈরি করা হয়েছিল গোপন বন্দিশালা বা আয়নাঘর। দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর হিসাবমতে, বিভিন্ন সময়ে কমপক্ষে সাত শতাধিক মানুষকে গুম করা হয়েছে। গুম বন্ধ করতে এবং ভবিষ্যতে এই অপরাধ রোধ করতে জাতীয় সংসদে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ এবং জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ উত্থাপন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

গুম কেবল একটি সংখ্যা বা ব্যক্তির হারিয়ে যাওয়া নয়, এটি একটি পরিবারের আজীবনের অনিশ্চয়তা ও শোক। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের এবারের প্রতিপাদ্য হলো ‍‍`ভিক্টিমস ফার্স্ট, অ্যাকশন্স নাউ‍‍`। এই মনুষ্যত্বহীন অপরাধের সাথে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে বিশ্বজুড়ে ঐক্য ও সংহতির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।