আগস্ট ৩০, ২০২৬, ০৯:০৫ পিএম
রাজনৈতিক বা নানা কারণে বিগত বছরগুলোতে বাদ পড়ে যাওয়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের নতুন করে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে অনিয়মের মাধ্যমে তালিকায় ঢুকে পড়া ভুয়া মুক্তিযোদ্ধাদের নামও যাচাই-বাছাই করে বাদ দেওয়া হচ্ছে। রবিবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। সংসদে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্যের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফ্যাসিবাদের দীর্ঘ ১৮ বছরে রাজনৈতিক কারণে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছিল। এছাড়া বিভিন্ন জটিলতার কারণে বহু মুক্তিযোদ্ধা যথাসময়ে তালিকাভুক্ত হতে পারেননি।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তাদের কাছ থেকে নতুন করে আবেদন গ্রহণ করেছে এবং যথাযথ যাচাই-বাছাই শেষে তাদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। অন্যদিকে, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন অথচ অনিয়মের মাধ্যমে তালিকায় স্থান পেয়েছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্ত্রী জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ইতোমধ্যে অনেকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রকৃত ও নির্ভুল বীর মুক্তিযোদ্ধাদের একটি পূর্ণাঙ্গ তালিকা জাতির সামনে তুলে ধরতে সরকার বদ্ধপরিকর এবং এই কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন