বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

কেন অটোরিকশার কারণে বছরে ৪ হাজার কোটি টাকার ক্ষতি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৬:৪২ পিএম

কেন অটোরিকশার কারণে বছরে ৪ হাজার কোটি টাকার ক্ষতি

দেশে ব্যাটারিচালিত তিন চাকার অটোরিকশার অবৈধ চার্জিংয়ের কারণে প্রতি বছর প্রায় চার হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এই তথ্য তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, দেশে আনুমানিক ৫০ থেকে ৮০ লাখ তিন চাকার বাহন চলাচল করছে, যা মোট বিদ্যুতের প্রায় পাঁচ শতাংশ ব্যয় করে চার্জ হয়।

অননুমোদিত সংযোগের কারণে জাতীয় গ্রিড ও স্থানীয় বিতরণ ব্যবস্থার ওপর তীব্র চাপ তৈরি হচ্ছে।

সংসদে দেওয়া তথ্যে জানানো হয়, বিপুল এই চাহিদার বিপরীতে অনুমোদিত ও বৈধ চার্জিং পয়েন্ট রয়েছে মাত্র তিন হাজার তিনশতটি। অথচ কেবল রাজধানী ঢাকাতেই অননুমোদিত ও অবৈধ চার্জিং পয়েন্টের সংখ্যা ৪৮ হাজারের বেশি। স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, এই অবৈধ চার্জিং প্রক্রিয়ার সঙ্গে বিদ্যুৎ বিভাগ ও সিটি করপোরেশনের কিছু অসাধু ব্যক্তি জড়িত রয়েছেন। সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সড়ক নিরাপত্তার প্রসঙ্গ টেনে তিনি জানান, পরিসংখ্যানে দেখা গেছে ২০২৫ সালে দেশে মোট ছয় হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় নয় হাজার ১১১ জন নিহত এবং ১৪ হাজার ৮১২ জন আহত হন। এসব দুর্ঘটনার মধ্যে ব্যাটারিচালিত বাহন জড়িত ছিল ১৩ দশমিক ৫৪ শতাংশ ঘটনায়। দুর্ঘটনা প্রতিরোধে ইতিমধ্যে রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে এবং নিয়মিত তদারকি অভিযান চলছে।

যান চলাচল সুশৃঙ্খল করতে সরকার একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে। নীতিমালাটি চূড়ান্ত হলে বাহন এবং চালকদের সরাসরি সরকারি নিবন্ধনের আওতায় আনা হবে।