সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৪:৪৯ পিএম
সৌদি আরবের পবিত্র মক্কা নগরী লক্ষ্য করে ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই নিন্দাবার্তা প্রকাশ করা হয়। একই সাথে মক্কা আল-মুকাররমাসহ মধ্যপ্রাচ্যের দেশটির অন্যান্য পবিত্র স্থানের নিরাপত্তা ও মর্যাদার প্রতি নিজেদের গভীর শ্রদ্ধাবোধ পুনর্ব্যক্ত করেছে ঢাকা। পবিত্র স্থানগুলোর সুরক্ষা সবসময় নিশ্চিত করতে হবে বলে স্পষ্ট জানিয়েছে সরকার।
পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে উল্লেখ করা হয়, ঐতিহাসিক এসব পবিত্র স্থান রক্ষা করার প্রশ্নে সৌদি আরব সরকার এবং দেশটির ভাতৃপ্রতিম সাধারণ জনগণের প্রতি বাংলাদেশ পূর্ণ সংহতি প্রকাশ করছে। কোনো অবস্থাতেই যাতে ধর্মীয় উপাসনালয় এবং পবিত্র শহরগুলোর আকাশসীমা ও নাগরিক নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে বিষয়ে সব পক্ষকে দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছে ঢাকা।
এর আগে সৌদি আরবের মক্কার দক্ষিণাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ড্রোন ধ্বংস করার দাবি করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান পরিচালনাকারী এই জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বুধবার ভোরে জানান, ড্রোনটি পবিত্র মক্কা নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই সেটিকে মাঝআকাশে সফলভাবে ভূপাতিত করা হয়।
তবে এই অভিযানের পরপরই সৌদি আরবের আনা অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটির অন্যতম মুখপাত্র হাজেম আল-আসাদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, মক্কাকে নিশানা করার এই অভিযোগ একটি পুরানো মিথ্যাচার ছাড়া কিছুই নয়। তিনি আরও উল্লেখ করেন, অতীতেও এমন অসত্য দাবি করা হয়েছে এবং এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আর বিভ্রান্ত করতে পারবে না।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন