সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৬:৫৬ পিএম
হজ নিবন্ধনের সময় আর কোনোভাবেই বাড়ানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যেই নিবন্ধনের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। সৌদি সরকারের কঠোর নির্দেশনার কারণে সময়সীমা শেষ হওয়ার সাথে সাথেই বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা তাদের কাছে পাঠাতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নির্ধারিত কোটার বড় অংশই এখনো নিবন্ধনের বাইরে রয়ে গেছে। চলতি বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে। তবে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এই কোটার বিপরীতে এখন পর্যন্ত নিবন্ধন সম্পন্ন করেছেন মাত্র ৩ হাজার ৭৪১ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জন নিবন্ধন করেছেন। ফলে কোটা পূরণে এখনো প্রায় ৭৪ হাজার ৭৫৯ জনের নিবন্ধন বাকি রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ থেকে একটি জরুরি সার্কুলার জারি করা হয়েছে। এতে হজে গমনেচ্ছু নাগরিক, অনুমোদিত হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকগুলোকে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই যাবতীয় প্রক্রিয়া শেষ করার নির্দেশনা দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, সৌদি সরকারের নির্ধারিত সময়সীমা মেনে ২০২৭ সালের হজে অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন শেষ করতে হবে।
মন্ত্রণালয় সূত্র জানায়, সৌদি কর্তৃপক্ষকে বাংলাদেশের চূড়ান্ত তালিকা পাঠানোর পরই সৌদি পর্বের প্রয়োজনীয় অর্থ ছাড় ও প্রেরণ করা সম্ভব হবে। এর পরপরই শুরু হবে যাত্রীদের মেডিকেল পরীক্ষা, শারীরিক ফিটনেস সনদ প্রদান, বাধ্যতামূলক টিকাদান কর্মসূচি এবং আনুষ্ঠানিক প্রশিক্ষণ পর্ব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন