অক্টোবর ৬, ২০২৬, ০৫:২৪ পিএম
বাংলাদেশের জাতীয় উন্নয়ন ও সংস্কার অগ্রাধিকারের সঙ্গে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচির আরও ঘনিষ্ঠ সমন্বয়ের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হিসেবে তাদের দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘের আরও সক্রিয় ভূমিকা কামনা করেছে সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (অ্যাড ইন্টারিম) ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াকের সঙ্গে এক বৈঠকে সরকারের এসব অবস্থান তুলে ধরেন প্রতিমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের দীর্ঘদিনের অংশীদারত্বের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, অভিন্ন অগ্রাধিকার ও জাতীয় উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশ পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাতিসংঘের কান্ট্রি টিমের সুনির্দিষ্ট নেতৃত্বের জন্য ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াককে ধন্যবাদ জানান তিনি। সম্প্রতি সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণও বৈঠকে তুলে ধরেন প্রতিমন্ত্রী। এর মধ্যে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠকের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
এ সময় জাতিসংঘের বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার ওপর বিশেষ জোর দেন হুমায়ুন কবির। পাশাপাশি জাতিসংঘের কর্মসূচিগুলো বাংলাদেশের ২০২৬-২০৩১ মেয়াদি সংস্কার ও উন্নয়নের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানান তিনি। বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও সরকারের দৃঢ় অবস্থান জোরালোভাবে তুলে ধরেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের মানবিক সহায়তার ভূয়সী প্রশংসা করে তিনি মিয়ানমারে তাদের নিজ ভূমিতে দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের ধারাবাহিক ও জোরালো প্রচেষ্টা কামনা করেন। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় যে, রোহিঙ্গা সংকটের একমাত্র কার্যকর ও স্থায়ী সমাধান হলো তাদের নিজ জন্মভূমিতে নিরাপদ প্রত্যাবাসন। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি জাতিসংঘের অব্যাহত সহযোগিতার ওপরও গুরুত্ব দেন হুমায়ুন কবির।
অন্যদিকে, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও জাতিসংঘের অংশীদারত্বকে আগামী দিনে আরও গভীর করার বিষয়ে সংস্থাটির সম্পূর্ণ প্রস্তুতির কথা জানান। অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সরকারের সঙ্গে জাতিসংঘের কান্ট্রি টিম অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও বৈঠকে আশ্বস্ত করেন ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন