অক্টোবর ৬, ২০২৬, ১০:৩৪ পিএম
টয়োটা গাড়ি উৎপাদন কারখানা বাংলাদেশে স্থাপনের পরিকল্পনা নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে টয়োটা তুশো করপোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। জাপানি এই বহুজাতিক শিল্পগোষ্ঠীর ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানির নেতৃত্বে প্রতিনিধিদলটি সরকারের নীতিসহায়তা ও যৌথ অগ্রযাত্রার নানা দিক নিয়ে আলোচনায় অংশ নেয়।
বৈঠকে বাংলাদেশে টয়োটার পূর্ণাঙ্গ গাড়ি সংযোজন ও উৎপাদন কেন্দ্র গড়ে তোলার সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরা হয়। প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে। একই সাথে ভারী শিল্পায়নের বিস্তার, আধুনিক প্রযুক্তি স্থানান্তর এবং স্থানীয় পর্যায়ে বিশ্বমানের দক্ষ প্রকৌশলী ও মানবসম্পদ গড়ে তোলা সম্ভব হবে। বাংলাদেশে পরিবেশবান্ধব হাইব্রিড যান উৎপাদনে বড় ধরনের রূপরেখা দিয়েছে প্রতিষ্ঠানটি।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশের একটি অর্থনৈতিক অঞ্চলে টয়োটা বাংলাদেশের উদ্যোগে “বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জন্য” উন্নয়ন দর্শনকে সামনে রেখে Hybrid Electric Vehicle (HEV) উৎপাদন অবকাঠামো গড়ার প্রাথমিক কাজ শুরু হবে। এটি ধাপে ধাপে বিস্তৃত হয়ে ২০২৯ সালের মধ্যে পুরোদমে বাণিজ্যিক উৎপাদনে প্রবেশ করবে। দেশে সরাসরি বিনিয়োগ ও শিল্পায়নের এই উদ্যোগকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, বাংলাদেশ সরকার দেশি ও বিদেশি উভয় ধরনের বিনিয়োগের স্বার্থে একটি দীর্ঘমেয়াদি, স্থিতিশীল, প্রতিযোগিতামূলক এবং প্রকৃত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা, পর্যাপ্ত অবকাঠামোগত সুযোগ এবং প্রশাসনিক সুবিধা নির্বিঘ্ন রাখতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে দেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের বিপুল বাণিজ্যিক সম্ভাবনার দিকগুলোও তুলে ধরেন সরকারপ্রধান। এসব অপ্রচলিত ও টেকসই খাতে টয়োটা তুশো করপোরেশন সরাসরি বিনিয়োগে এগিয়ে এলে সরকারের পক্ষ থেকে যাবতীয় প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়া হবে বলে জানান তিনি।
টয়োটা কর্তৃপক্ষ জানায়, শুধু রাজধানী বা প্রধান শহর নয়, বরং দেশের প্রতিটি বিভাগীয় শহরে টয়োটা বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিস্তৃত করার কাজ বর্তমানে সক্রিয়ভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত প্রাতিষ্ঠানিক বিক্রয়োত্তর সেবা ও গ্রাহকসুবিধা পৌঁছে দেওয়া সহজ হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রযুক্তির উপযোগী তরুণদের গড়ে তুলতে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের বিশেষ কর্মসূচি নেওয়ার আগ্রহ ব্যক্ত করে তারা।
দ্বিপক্ষীয় এই শীর্ষ বৈঠকে বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ নীতিনির্ধারক কর্মকর্তারা অংশ নেন।
জাপানি প্রতিনিধিদলে টয়োটা তুশো করপোরেশনের মোবিলিটি ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেরু হারাদা ও টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমমিত সিং সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে দিনাজপুর টিভি ডট কম-কে নিশ্চিত করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন