আগস্ট ২৭, ২০২৫, ১২:৫১ পিএম
তিন দফা দাবি আদায়ে প্রকৌশল শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে এক ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে তাদের দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। বুধবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি ও এইউএসটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
শিক্ষার্থীদের মূল দাবিগুলো হলো: ১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে 'প্রকৌশলী' পদবি ব্যবহার করতে না দেওয়া। ২. ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা। ৩. দশম গ্রেডের সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের অগ্রাধিকার দেওয়া।
এই তিন দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার বিকেল ৩টা থেকে বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। সরকার পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় তারা বুধবার সকালে পুনরায় অবরোধ কর্মসূচি শুরু করেন এবং এক ঘণ্টার আলটিমেটাম দেন।
শিক্ষার্থীদের এই অবরোধের কারণে শাহবাগ থেকে রমনা, টিএসসি, নীলক্ষেত ও কাওরান বাজারগামী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। শাহবাগে আন্দোলনকারীদের ঘিরে পুলিশের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে। শাহবাগ পিজি হাসপাতালের সামনে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছে পুলিশ।
আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, যার মধ্যে উল্লেখযোগ্য 'কোটা প্রথা বাতিল কর', 'মেধা দিয়া দেশ গড়' এবং 'ডিপ্লোমেরা ভুয়া, ভুয়া ভুয়া'। দাবি মেনে না নেওয়া হলে তারা 'লং মার্চ টু ঢাকা' কর্মসূচির ডাক দেবেন বলে জানিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন