সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০২:৫১ পিএম
সড়ক সংস্কারের দাবিতে রাজশাহীর ভদ্রা থেকে মেহেরচণ্ডি ফ্লাইওভার পর্যন্ত চলাচলের পথটি মেরামতের জন্য মানববন্ধন করেছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভদ্রা রেলক্রসিং সংলগ্ন মোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবেদনে জানা যায়, ভদ্রা ও এর আশপাশের এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী বাস করেন। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া-আসার জন্য তাদের নিয়মিত এই সড়কটি ব্যবহার করতে হয়। পাশাপাশি স্থানীয় চাকরিজীবী ও সাধারণ মানুষও প্রতিদিন পথটি দিয়ে যাতায়াত করছেন।
রাস্তাটি এখন চলাচলের অযোগ্য। দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরা সড়কটিতে সামান্য বৃষ্টিতেই পানি জমে কাদামাটি তৈরি হচ্ছে। ফলে যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিদিন ভোগান্তি বাড়ছে। শিক্ষার্থীরা জানান, কোনো বড় ধরনের দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটার আগেই প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তারা শুধু মৌখিক প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত সংস্কার কাজ শুরুর দাবি জানিয়েছেন।
মানববন্ধনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাফিউল আলম জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা পড়ে থাকলেও প্রশাসন কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। বৃষ্টি হলে হাঁটু পর্যন্ত পানি জমে যাওয়ায় চলাচল অসম্ভব হয়ে পড়ে এবং যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। আরেক শিক্ষার্থী সানজিদা খাতুন বলেন, নিরাপদ সড়ক ও নির্বিঘ্ন যাতায়াত মানুষের মৌলিক চাহিদার মতোই জরুরি। সড়কে বড় বড় গর্ত তৈরি হওয়ায় যেকোনো মুহূর্তে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন