রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি হবে দেড় মাসে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৫, ১০:৩৭ পিএম

এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি হবে দেড় মাসে

ছবি - সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তির সময়সীমা কমিয়ে দেড় মাস (৪৫ দিন) নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এনআইডি অনুবিভাগসহ সংশ্লিষ্ট সব আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসগুলোতে নির্দেশনা পাঠানো হয়েছে।

এর আগে এনআইডি সংশোধনের জন্য এক থেকে দুই বছর বা তারও বেশি সময় লাগত, যা নাগরিকদের ভোগান্তি বাড়াত।ইসির কর্মকর্তারা জানিয়েছেন, এই নতুন সিদ্ধান্তের লক্ষ্য হলো আবেদন নিষ্পত্তিতে কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা এবং নাগরিকদের হয়রানি শূন্যের কোঠায় নামিয়ে আনা।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, এনআইডি সংশোধনের আবেদনের ক্ষেত্রে ভোটারের হলফনামা-সংক্রান্ত ব্যক্তিগত তথ্যাবলী সম্বলিত নিবন্ধন ফরম-২-কে আদর্শ হিসেবে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) সাইফুল ইসলাম বলেন, "জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য এবং আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ফরম-২-কে আদর্শ হিসেবে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত প্রদান করার জন্য বলা হয়েছে।"