সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৩:২৫ পিএম
বাংলাদেশের সঙ্গে উল্লেখযোগ্য হারে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক কোঅর্ডিনেটর এহসান আফজাল খান বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।
বৈঠকে আফজাল খান বলেন, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়িয়ে, বাণিজ্য মিশন বিনিময় এবং শুল্ক ও অশুল্ক বাধাগুলো কমানোর মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ানো সম্ভব।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশের সিমেন্ট খাতের মূল কাঁচামাল—লাইম স্টোন ও নির্মাণকাজে ব্যবহৃত পাথর—আমদানিনির্ভর। বছরে প্রায় ৫০ মিলিয়ন টন স্টোন প্রয়োজন হয়।
এটি আমদানির জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানো জরুরি। তিনি আরও বলেন, দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে এবং জনগণের সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য পাকিস্তানের বাজারে আরও সুযোগ সৃষ্টি করা উচিত।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব আয়েশা আক্তারও উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন