রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রবাসীদের রেমিট্যান্সই দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে: ড. ইউনূস

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৪:৫৫ পিএম

প্রবাসীদের রেমিট্যান্সই দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে: ড. ইউনূস

ছবি - সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সই দেশের অর্থনীতিকে বিপর্যয় থেকে বাঁচিয়ে রেখেছে। তিনি জোর দিয়ে বলেন, অর্থনীতিকে শক্তিশালী করার পেছনে প্রবাসীদের রেমিট্যান্সই মূল চালিকা শক্তি।

শনিবার (২৭ সেপ্টেম্বর, ২০২৫) ম্যানহাটনের নিউইয়র্ক মেরিয়ট মার্কুইসে 'এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ' শীর্ষক এক অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তিনি এ কথা বলেন।ড. ইউনূস জানান, তিনি ব্যক্তিগতভাবে বাংলাদেশকে নিয়ে অত্যন্ত আশাবাদী।

তিনি প্রবাসীদের উদ্দেশে বলেন, "আপনারা এখন বাংলাদেশের অংশ। আত্মবিশ্বাস নিয়ে বিনিয়োগ ও ধারণা নিয়ে আসুন।"তিনি প্রবাসীদের জন্য দুটি গুরুত্বপূর্ণ আশ্বাস দেন: ১. দেশে পর্যাপ্ত তরুণ জনশক্তি রয়েছে। বিদেশি কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থানান্তর করে এই মানবসম্পদ কাজে লাগাতে হবে এবং বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

২. আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে।আঞ্চলিক অর্থনীতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নেপাল, ভুটান ও ভারতের সাত রাজ্য সমুদ্রবন্দরের অভাবে স্থলবেষ্টিত। তাদের জন্য সমুদ্র উন্মুক্ত করলে সবাই উপকৃত হবে এবং সুযোগ নিশ্চিত হলে সবাই বাংলাদেশমুখী হবে।

তিনি জানান, সামুদ্রিক সম্ভাবনা কাজে লাগাতে বহু অংশীজনের সঙ্গে আলোচনা হয়েছে এবং কক্সবাজার-মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রস্তুত। পাশাপাশি তিনি বঙ্গোপসাগরের গ্যাস সম্পদ অনুসন্ধানের ওপরও গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, অর্থনীতি পুনরুদ্ধারে গৃহীত পদক্ষেপের ফলে মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল অবস্থায় এসেছে। তিনি আরও জানান, গত এক বছরে বিদেশি বিনিয়োগ (এফডিআই) দ্বিগুণ হয়েছে।

অনুষ্ঠানে 'হারনেসিং ডায়াসপোরা অ্যাজ আ ন্যাশনাল অ্যাসেট' শীর্ষক প্যানেল আলোচনায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের সম্পদ এবং জুলাই-আগস্ট আন্দোলনে তারা বড় ভূমিকা রেখেছেন।

নারী ও তরুণদের সম্পৃক্ত করে একটি অংশগ্রহণমূলক বাংলাদেশ গড়ার ওপর জোর দেন ড. তাসনিম জারা। তিনি বলেন, "যখন সবাই একসঙ্গে কাজ করে, ইতিহাস বদলায়। আমরা একসঙ্গে ইতিহাস বদলাবো।"

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনও বক্তব্য রাখেন। এই আয়োজনের মাধ্যমে প্রবাসীরা নীতিনির্ধারক ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি সংলাপে অংশ নেওয়ার সুযোগ পান।