রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রাথমিকে বছরে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে :মহাপরিচালক

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৮:৪২ পিএম

প্রাথমিকে বছরে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে :মহাপরিচালক

ছবি - সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের সময় বাড়াতে সরকার বছরে ছুটির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে বছরে প্রায় ৭৯ দিন ছুটি থাকে। এই সংখ্যা কমিয়ে ৬০ দিন করার চিন্তা করছে সরকার।রবিবার (২৮ সেপ্টেম্বর, ২০২৫) সাতক্ষীরায় একটি প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এই তথ্য জানান।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দেশে বছরে মাত্র ১৭৯ দিন স্কুল খোলা পাওয়া যায়। শিক্ষার্থীদের পাঠদানের সময় বাড়ানো এবং স্কুলে তাদের বেশি সময় ধরে উপস্থিতি নিশ্চিত করতেই ছুটির ক্যালেন্ডারে পরিবর্তন আনা হচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা আরও বেশি সময় স্কুলে থাকার এবং পাঠ গ্রহণের সুযোগ পাবে।

সাতক্ষীরা শহরের লেকভিউ রিসোর্টের মিলনায়তনে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) কারিগরি সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৪০ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে শিক্ষকদের শিশুদের জন্য নিরাপদ খাদ্যের প্রাথমিক ধারণা, মৌলিক স্বাস্থ্যবিধি, করণীয়-বর্জনীয় ও হাত ধোয়ার পদ্ধতি সম্পর্কে শেখানো হয়। শিক্ষকেরা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন করবেন।