অক্টোবর ৬, ২০২৫, ০৫:৩৭ পিএম
জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার স্বার্থে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।সোমবার (৬ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার আওতাধীন এলাকাগুলোও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এলাকাগুলো হলো—বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং এর পার্শ্ববর্তী হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় ও মিন্টু রোড।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এই নির্দেশনার ফলে উল্লিখিত এলাকাগুলোতে কোনো ব্যক্তি বা সংগঠন কোনো প্রকার রাজনৈতিক বা সামাজিক সমাবেশ বা মিছিল করতে পারবে না।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন