রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আ.লীগের ঝটিকা মিছিল কি কমেছে? যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৮, ২০২৫, ০৮:২০ পিএম

আ.লীগের ঝটিকা মিছিল কি কমেছে? যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি - সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে আগের তুলনায় বাংলাদেশ আওয়ামী লীগের অতর্কিত বা ঝটিকা মিছিলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। তিনি বলেন, জনগণ নির্বাচনমুখী হলে দেশে অপরাধও কমে আসবে।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “একবার একটি মিছিল থেকে ২৪৪ জনকে হাতেনাতে ধরা হয়েছিল। তারপর থেকে (ঝটিকা মিছিলের) সংখ্যাটা অনেক কমে এসেছে। সবার সহযোগিতা পেলে আরও কমে আসবে।”

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তবে সবচেয়ে বড় ‘স্টেকহোল্ডার’ হলো দেশের জনগণ। তিনি বলেন, “জনগণ নির্বাচনমুখী হলে কোনো কিছুই সেটি আটকাতে পারবে না।”

এর আগে, অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা ডিএমপির কার্যক্রমের জন্য নতুন ২০টি গাড়ি হস্তান্তর করেন। তিনি জানান, পুলিশ বাহিনীর দীর্ঘদিনের যানবাহনের স্বল্পতা দূর করতে বর্তমান সরকার মোট ২০০টি গাড়ি ক্রয়ের উদ্যোগ নিয়েছে, যার অংশ হিসেবেই এই গাড়িগুলো হস্তান্তর করা হলো।