অক্টোবর ১৯, ২০২৫, ০৬:১৯ পিএম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেন বলেছেন, “হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের ক্ষেত্রে আমরা নাশকতাসহ কোনো কিছুই উড়িয়ে দেব না, সবকিছুই আমলে নেব।”রোববার (১৯ অক্টোবর) সকালে বিমানবন্দরের আগুনে পোড়া কার্গো ভিলেজ পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। গতকালের এই ভয়াবহ অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা এই মন্তব্য করেন।
তিনি বলেন, “তদন্ত কমিটি করা হয়েছে, যারা আগুনের পূর্ববর্তী ও বর্তমান অবস্থাসহ পুরো ঘটনার ক্যাটালগিং করবে। পরে গোয়েন্দা সংস্থাসহ সকল অংশীজনের সঙ্গে আলোচনা করে এর রহস্য উদ্ঘাটন করা হবে।”উপদেষ্টা জানান, বিমানবন্দর একটি কি পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) এলাকা। এখানে নিজস্ব অগ্নিনির্বাপণের শক্তিশালী ব্যবস্থা আছে। আগুন লাগার ৩০ সেকেন্ডের মধ্যেই আমাদের নিজস্ব ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, তবু আগুন ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের কারণে ২১টি ফ্লাইট বাতিল বা অন্য কোথাও অবতরণ করতে বাধ্য হওয়ায় যাত্রীদের অসুবিধার কথা উল্লেখ করে তিনি একটি বড় ঘোষণা দেন। তিনি বলেন, “যাত্রীদের কষ্ট লাঘব করার জন্য আদেশ জারি হয়েছে যে, আগামী তিন দিন যত অতিরিক্ত (নন-শিডিউল) ফ্লাইট আসবে, তার সব মাশুল ও খরচ মওকুফ করা হয়েছে।”
তিনি আরও জানান, আটকে পড়া যাত্রীদের খাবার ও হোটেলসহ সব প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে এবং কার্গো ভিলেজের কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে সপ্তাহে সাত দিন, ২৪ ঘণ্টা কাজ করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন