অক্টোবর ২০, ২০২৫, ০৫:০৮ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার স্বার্থে ড্রোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে ইসি এই সিদ্ধান্তের কথা জানায়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তিন বাহিনী প্রধানদের প্রতিনিধি এবং পুলিশ, বিজিবি, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানেরা উপস্থিত ছিলেন।নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপস্থাপিত কার্যপত্রে ড্রোন নিষিদ্ধ করার পেছনে চারটি প্রধান কারণ উল্লেখ করা হয়েছে। প্রথমত, ড্রোনের মাধ্যমে ভোটকক্ষ বা ভোটারের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হওয়ার আশঙ্কা রয়েছে।
দ্বিতীয়ত, অননুমোদিত ড্রোন ব্যবহার করে বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু বহনের মাধ্যমে ভোটকেন্দ্রের নিরাপত্তা বিঘ্নিত করার ঝুঁকি রয়েছে। তৃতীয়ত, অনিয়ন্ত্রিত ড্রোন উড্ডয়ন আইনশৃঙ্খলার জন্য হুমকি হতে পারে। এবং চতুর্থত, ড্রোনের মাধ্যমে ভোটদানের ছবি বা ভিডিও ধারণ করে তা অপব্যবহারের মাধ্যমে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নষ্ট করার সম্ভাবনা থাকে।
এই সিদ্ধান্তটি নির্বাচনের আগে, চলাকালীন ও নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ইসির গৃহীত তিন ধাপের নিরাপত্তা পরিকল্পনার অংশ। কমিশন জানিয়েছে, ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তারা বদ্ধপরিকর।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন