বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দেশ গঠনে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের ভূমিকা অব্যাহত থাকবে: সেনাপ্রধান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৫, ০৪:৩২ পিএম

দেশ গঠনে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের ভূমিকা অব্যাহত থাকবে: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স সততা, পেশাদারিত্ব এবং গভীর দায়িত্ববোধের সঙ্গে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, তা ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে। তিনি এই কোরের সদস্যদের নিষ্ঠা ও ত্যাগেরকে সমুন্নত রেখে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

আজ রোববার (২৬ অক্টোবর) সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং-এ কোর অব ইঞ্জিনিয়ার্সের ‘কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান’ এবং ‘বার্ষিক অধিনায়ক সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতেই সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত করা হয়। সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হওয়ার পর সেনাপ্রধান মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব ইঞ্জিনিয়ার্সের সদস্যসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, দেশ ও জাতি গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের অবদান অত্যন্ত গৌরবের, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সর্বদা অনুপ্রেরণা জোগাবে।

তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই কোরের সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা এবং অর্জিত সাফল্যেরও উচ্ছ্বসিত প্রশংসা করেন।অভিষেক অনুষ্ঠানের পর সেনাপ্রধান কোর অব ইঞ্জিনিয়ার্সের বার্ষিক অধিনায়ক সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে তিনি কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রযুক্তিগত অগ্রগতি, চলমান গবেষণা কার্যক্রম, পেশাগত দক্ষতার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

আধুনিকায়নের সঙ্গে তাল মিলিয়ে চলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক, চিফ কনসালটেন্ট জেনারেল, ইঞ্জিনিয়ার-ইন-চিফ, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডারসহ কোর অব ইঞ্জিনিয়ার্সের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।