রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৫, ০৫:৩৭ পিএম

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চারদিনের এক সরকারি সফরে আগামী বৃহস্পতিবার (০৬ নভেম্বর) তার নিজ জেলা পাবনা যাচ্ছেন। গত বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী, আগামী ০৬ নভেম্বর (বৃহস্পতিবার) তিনি হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশে রওনা হবেন এবং সেখানে পৌঁছানোর পর জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। সফরের প্রথম দিন তিনি সার্কিট হাউজেই রাত যাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন, শুক্রবার (০৭ নভেম্বর), রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আরিফপুরে যাবেন এবং সেখানে তার প্রয়াত পিতা-মাতার কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত শেষে তিনি আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন।শনিবার (০৮ নভেম্বর) সফরের তৃতীয় দিন। এই দিনে রাষ্ট্রপতি সার্কিট হাউজে তার নিকট আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং রাতেও সেখানেই অবস্থান করবেন।

সফরের শেষ দিন, রোববার (০৯ নভেম্বর), রাষ্ট্রপতি সার্কিট হাউজে পুনরায় গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে পাবনা ত্যাগ করবেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসারের পাঠানো বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির এই সফরকালীন সময়ে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, জেলা প্রশাসককে সফরের প্রশাসনিক সমন্বয়সহ প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করার জন্যও নির্দেশনা প্রদান করা হয়েছে।