রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

টাকা দিয়ে মিছিল করাচ্ছে আ.লীগ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৫, ০৫:৪৪ পিএম

টাকা দিয়ে মিছিল করাচ্ছে আ.লীগ

রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঝটিকা মিছিল করা ও মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, টাকার বিনিময়ে আওয়ামী লীগ এসব ঝটিকা মিছিল করাচ্ছে।শুক্রবার (৩১ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ১৮ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বিজয়নগর এলাকা থেকে ১৩ জন, খিলক্ষেত থানা চারজন, উত্তরা থানা দুজন, বাড্ডা থানা তিনজন, বনানী থানা তিনজন এবং তেজগাঁও থানা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে।

খিলক্ষেত থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭টা ৩৭ মিনিটে খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট সড়কের পুরাতন মস্তুল চেকপোস্টের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে একটি মিছিলের জন্য নেতাকর্মীরা জড়ো হচ্ছে বলে পুলিশ সংবাদ পায়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হলে অনেকেই পালিয়ে যায়, তবে ব্যানারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

একইভাবে, সকাল সাড়ে ৭টায় উত্তরা পশ্চিম থানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আকাশ টাওয়ারের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। সিটিটিসির একটি দল সকালে বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে সরকারবিরোধী ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১৩ জনকে এবং শেরেবাংলা নগর থানা পুলিশ সকাল ৬টা ৪০ মিনিটে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে একটি অবৈধ মিছিল থেকে ১৮ জনকে গ্রেপ্তার করে।

এছাড়াও বাড্ডা, বনানী ও তেজগাঁও এলাকা থেকেও ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ৪৬ জনসহ এই ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।