বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

চরিত্রই মানুষের প্রকৃত অলঙ্কার: ধর্ম উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৫, ০৮:৫৮ পিএম

চরিত্রই মানুষের প্রকৃত অলঙ্কার: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানুষের প্রকৃত পরিচয় তার অর্থে, বংশ পরিচয়ে, বিদ্যায় কিংবা পদমর্যাদায় নয়, বরং তার চরিত্রে নিহিত। তিনি বলেন, উন্নত চরিত্রই একজন মানুষকে সমাজে প্রকৃত শ্রদ্ধার আসনে আসীন করে। চরিত্রই মানুষের জীবনের প্রকৃত অলঙ্কার।

আজ (শুক্রবার) বিকালে পঞ্চগড় সদর উপজেলার দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদরাসা মাঠে তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত শানে রেসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ধর্ম উপদেষ্টা বলেন, উন্নত চরিত্রের অধিকারী ব্যক্তিরাই সমাজে শান্তি, ন্যায়বিচার ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি করেন। চরিত্রবান মানুষ সমাজকে সুন্দর, নিরাপদ ও মানবিক করে তোলে, পক্ষান্তরে চরিত্রহীন মানুষ সমাজে অনাচার, দুর্নীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। চরিত্রবান মানুষ যেমন নিজের কল্যাণ বয়ে আনে, তেমনি সমাজকেও আলোকিত করে তোলে।

তিনি আলেম-ওলামাদের সান্নিধ্যে থেকে নিজেদের চরিত্র সংশোধন করার জন্য উপস্থিত জনতার প্রতি আহ্বান জানান। ড. খালিদ হোসেন বলেন, চরিত্রহীন কোনো ব্যক্তিকে আমরা জাতির আদর্শ বলতে পারি না। জাতির আদর্শ হতে হলে তাকে অবশ্যই উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। আর এই উন্নত চরিত্রের সকল বৈশিষ্ট্যের সন্নিবেশ ঘটেছে সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সা.)-এর চরিত্রে। আল্লাহপাক মানুষের চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্যই হযরত মুহাম্মদ (সা.)-কে পৃথিবীতে প্রেরণ করেছেন।

উন্নত চরিত্রের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা আরও বলেন, উন্নত চরিত্র ছাড়া কোনো জাতি বা সমাজ টিকে থাকতে পারে না। তাই আমাদের প্রত্যেকের উচিত সত্য, ন্যায়পরায়ণতা, নম্রতা ও সহানুভূতির মতো গুণাবলি চর্চার মাধ্যমে নিজেদের চরিত্র গঠন করা। তিনি সকলকে পাপাচার, অন্যায়, দুর্নীতি, সুদ, ঘুষ প্রভৃতি গর্হিত ও খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য জোরালো অনুরোধ জানান।

সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে অন্যান্যের মধ্যে জামিয়া ফারুকিয়া মাগুরার পরিচালক মাওলানা মাহমুদুল আলমসহ স্থানীয় আলেম-ওলামাগণ বক্তৃতা করেন। এর আগে ধর্ম উপদেষ্টা পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নে জামিয়া ফারুকিয়া মাদরাসা জামে মসজিদে জুমার নামাজে খুতবা প্রদান করেন এবং মুসল্লিদের উদ্দেশে বয়ান রাখেন।