বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ঢাকায় আজ যেসব রাজনৈতিক ও সরকারি কর্মসূচি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১, ২০২৫, ১০:২২ এএম

ঢাকায় আজ যেসব রাজনৈতিক ও সরকারি কর্মসূচি

সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ শনিবার (০১ নভেম্বর) রাজধানী ঢাকা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সরকারি কর্মসূচিতে মুখর রয়েছে। সকালে সরকারি দপ্তরের অনুষ্ঠান যেমন ছিল, তেমনি বিএনপি ও জামায়াতে ইসলামীর মতো রাজনৈতিক দলগুলোরও পৃথক কর্মসূচি পালিত হচ্ছে।

আজ সকালে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে নয়টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় শাহবাগ চত্বরে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এছাড়া সকাল ৯টা থেকে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্রছাত্রীদের প্রথম অ্যালামনাই অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হাসানও উপস্থিত থাকবেন।

এদিকে, বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।