নভেম্বর ১, ২০২৫, ১০:৩২ এএম
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিদ্ধান্ত অনুযায়ী, আজ শনিবার (০১ নভেম্বর) থেকে একজন গ্রাহক একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি সক্রিয় মোবাইল সিম কার্ড রাখতে পারবেন না। সংস্থাটি জানিয়েছে, আজ থেকেই মোবাইল অপারেটররা গ্রাহকদের অতিরিক্ত সিম নিষ্ক্রিয় বা বন্ধ করার প্রক্রিয়া শুরু করবে।
এর আগে একজন নাগরিক তার জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম কার্ড ব্যবহার করতে পারতেন। সম্প্রতি বিটিআরসি এই সংখ্যা কমিয়ে ১০টি নির্ধারণ করে এবং ৩০ অক্টোবরের মধ্যে গ্রাহকদের অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার জন্য সময় বেঁধে দেয়। সেই সময়সীমা শেষ হওয়ায় আজ থেকে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করার প্রক্রিয়া শুরু হলো।
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, শনিবার (০১ নভেম্বর) থেকেই অপারেটররা অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার কাজ শুরু করবে। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে আমরা নিশ্চিত করব যে, কোনো এনআইডির নামে ১০টির বেশি সিম সক্রিয় থাকবে না।
এদিকে, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় ব্যক্তিগত সিম নিবন্ধনের সর্বোচ্চ সংখ্যা আরও কমানোর সিদ্ধান্ত হয়েছে। বিটিআরসির একজন কর্মকর্তা জানান, ওই সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে মোবাইল অপারেটরদের নতুন সিম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ৫টিতে সীমাবদ্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো হবে এবং অনুমোদন পেলে তা ২০২৬ সাল থেকে কার্যকর হবে।
গত ২৬ অক্টোবর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এক সভা শেষে জানিয়েছিলেন, নির্বাচনের আগে ব্যক্তিগত পর্যায়ে মোবাইল সিম ব্যবহারের সংখ্যা কমিয়ে আনা হবে। সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্য রয়েছে ব্যক্তি পর্যায়ের সিম ব্যবহার আরও কমিয়ে দুটিতে নামিয়ে আনা।
গ্রাহকরা তাদের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা সহজেই যাচাই করতে পারেন। এর জন্য যেকোনো মোবাইল অপারেটরের সিম থেকে *১৬০০১# নম্বরে ডায়াল করতে হবে। ফিরতি মেসেজে জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা চাওয়া হলে তা পাঠাতে হবে। এরপর এসএমএসের মাধ্যমে বিটিআরসি জানিয়ে দেবে ওই এনআইডিতে কোন কোন অপারেটরের মোট কয়টি সিম নিবন্ধিত আছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন