শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০২:৩৮ পিএম

রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

দেশের চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার লক্ষ্যে নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে আজ রাত সাড়ে ৮টায় এই জরুরি বৈঠক শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি এই বৈঠকে যুক্ত হয়ে দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে।দলীয় সূত্র জানিয়েছে,

সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতা, বিভিন্ন সংবাদপত্র কার্যালয়ে হামলা এবং নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে। এছাড়া দলের আগামী দিনের কর্মসূচি ও সাংগঠনিক শক্তিবৃদ্ধির বিষয়েও নীতিনির্ধারকরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।

বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপসমূহ এবং রাজপথের শান্তিশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বিএনপির অবস্থান পরিষ্কার করতেই এই তাৎক্ষণিক বৈঠক আহ্বান করা হয়েছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বৈঠকের পর দলের পক্ষ থেকে গণমাধ্যমে ব্রিফিং বা আনুষ্ঠানিক বিবৃতি আসার সম্ভাবনা রয়েছে।