শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

কোনো উসকানিতে পা দেবেন না: জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০৫:২৩ পিএম

কোনো উসকানিতে পা দেবেন না: জামায়াত আমির

জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শাহাদাতের পর দেশের উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে কোনো ধরণের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।বিবৃতিতে জামায়াত আমির বলেন, সর্বস্তরের দেশপ্রেমিক জনগণ মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাদির রুহের মাগফিরাত কামনা করছে।

একই সঙ্গে তাঁর জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতার বিষয়টি নিয়ে জনমনে গভীর ক্ষোভ সৃষ্টি হয়েছে। তিনি শহীদ হাদির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সাম্প্রতিক সময়ে গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনার সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন:গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং জনগণের কণ্ঠস্বর প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম। আমাদের মনে রাখতে হবে যে, গণমাধ্যমের ওপর হামলা মানে গণতান্ত্রিক চর্চা, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের ওপর আঘাত। যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলন শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হওয়া বাঞ্ছনীয়।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, হাদি হত্যার প্রতি যে আবেগ ও ক্ষোভ ছাত্র-জনতার মধ্যে তৈরি হয়েছে, তা ন্যায্য। তবে এই ক্ষোভকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল যদি নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে, তবে তা আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা হতে পারে।জামায়াত আমির আরও বলেন, দেশের এই সংকটময় সময়ে সংযম, দায়িত্বশীলতা ও জাতীয় ঐক্যই হতে পারে সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। তিনি সকল দেশপ্রেমিক ছাত্র-জনতা ও নাগরিককে ধৈর্য ও সচেতনতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার অনুরোধ জানান।