এপ্রিল ১৭, ২০২৬, ০৫:১৪ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য নিজেদের ১০ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংসদে প্রাপ্ত ৬৮টি আসনের বিপরীতে দলটি মোট ১১টি সংরক্ষিত নারী আসন লাভ করতে যাচ্ছে। আনুপাতিক হারে বরাদ্দ পাওয়া এই আসনগুলোর বিপরীতে ইতোমধ্যে ১০ জন নেত্রীর নাম মনোনীত করা হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
শুক্রবার বিকেলে জামায়াতের একজন সহকারী সেক্রেটারি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।মনোনীত প্রার্থীদের এই তালিকায় জামায়াতের নিজস্ব নারী সংগঠনের শীর্ষ নেত্রীদের পাশাপাশি পেশাজীবী ও আইনজীবী প্রতিনিধিরাও স্থান পেয়েছেন।
চূড়ান্ত তালিকায় রয়েছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা ও সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম। এ ছাড়া আইন ও মানবসম্পদ বিভাগের দক্ষ সংগঠক হিসেবে পরিচিত অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি এবং নাজমুন্নিছা নিলু তালিকায় স্থান পেয়েছেন।
আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে চট্টগ্রাম অঞ্চল থেকে মেরিনা সুলতানা এবং সিলেট অঞ্চল থেকে মাহফুজা খানমকে মনোনীত করা হয়েছে। বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদ এবং প্রকৌশলী মারদিয়া মমতাজকেও তালিকায় রাখা হয়েছে।উলেখযোগ্য যে, জামায়াতে ইসলামীর কোটায় এবার শরীক দলগুলোর নারী নেত্রীদেরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তালিকায় জায়গা করে নিয়েছেন জাগপা সভাপতি তাসমিয়া প্রধান এবং এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু। দলের সহকারী সেক্রেটারি জানিয়েছেন, ১১টি আসনের মধ্যে ১০ জনের নাম চূড়ান্ত করা হলেও বাকি একজনের নাম এখনো চূড়ান্ত হওয়া বাকি।
আগামী সোমবার ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের এই তালিকায় অভিজ্ঞ সংগঠক ও তরুণ পেশাজীবীদের সমন্বয় করা হয়েছে। বিশেষ করে পেশাজীবী ও শরীক দলের নেত্রীদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে দলটি সংসদে তাদের অবস্থান আরও সুসংহত করতে চায়। বর্তমানে রাজনৈতিক অঙ্গনে এই নারী প্রতিনিধিদের মনোনয়ন নিয়ে বেশ কৌতূহল বিরাজ করছে। সোমবার চূড়ান্ত তালিকা জমা দেওয়ার পর সংসদীয় বিধি মোতাবেক পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন