মে ৫, ২০২৬, ০৯:৩১ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক আলোচনা সভায় শাহবাগ আন্দোলনকে শতবর্ষী প্রজেক্ট হিসেবে আখ্যায়িত করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। একইসঙ্গে তিনি শাপলা চত্বর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার নিশ্চিতে পাঁচ দফা দাবি তুলে ধরেন।
মঙ্গলবার (৫ মে) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন আর সি মজুমদার অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। শাপলা ও শাহবাগ: মুসলিম রাজনৈতিকতা ও বাঙালি জাতীয়তাবাদের দ্বৈরথ শীর্ষক এই আলোচনা সভার আয়োজক ছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রশিবির ঢাবি শাখার সেক্রেটারি কাজী আশিক।অনুষ্ঠানের প্রধান অতিথি সাদিক কায়েম বলেন, শাহবাগ এক দিনে তৈরি হয়নি, এটি একটি দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ার ফল। অতীতের অনেক রাজনৈতিক আন্দোলন ও ঘটনার সুষ্ঠু বিচার হয়নি।
এসব বিষয়ে নতুন করে তদন্ত হওয়া প্রয়োজন।তিনি শাপলা চত্বর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, রাষ্ট্রীয় স্বীকৃতি, ক্ষতিপূরণ এবং দায়ীদের বিচারের রোডম্যাপ ঘোষণার ওপর জোর দেন। এ সময় তিনি ৫টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: শাপলা চত্বর ঘটনার তদন্ত কমিশন গঠন ও বিচার নিশ্চিত করা, ঘটনাটিকে রাষ্ট্রীয়ভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া, নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, বিচারের জন্য পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা এবং মানবাধিকার সংগঠন ও ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে আলোচনা করে নিহতের প্রকৃত সংখ্যা নির্ধারণ।
সভায় প্রধান আলোচকের বক্তব্যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের প্রেক্ষাপটে ইসলামপন্থী ও রাষ্ট্রীয় নীতির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। সোচ্চার এর সভাপতি ড. শিব্বির আহমদ তার বক্তব্যে রাষ্ট্রীয় ক্ষমতার অপপ্রয়োগ এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে অতীতের নানা ঘটনার সমালোচনা করেন।
সভায় ছাত্রশিবির ঢাবি শাখার সভাপতি মুহা. মুহিউদ্দীন খান বলেন, শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ইতিহাস ও বিচার প্রশ্নে নতুন করে আলোচনা প্রয়োজন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন এবং শেষে সিরাত বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন