রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ এবি পার্টির

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৪, ২০২৬, ০১:০১ পিএম

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ এবি পার্টির

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে এবি পার্টি। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।তারা বলেছেন, সরকারের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর নতুন করে অর্থনৈতিক নির্যাতন।

বিবৃতিতে বলা হয়, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব ও জীবনযাত্রার বাড়তি ব্যয়ের চাপে জনগণ এমনিতেই দিশেহারা। এমতাবস্থায় বিদ্যুতের দাম বাড়ানো কৃষি, শিল্প ও দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। 

প্রতিটি পণ্য ও সেবার উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সামগ্রিক মূল্যস্ফীতি আরও উসকে উঠবে বলে আশঙ্কা করছেন তারা।দুর্নীতি ও অব্যবস্থাপনার দায় জনগণের ওপর চাপানো হচ্ছে।এবি পার্টির নেতারা দাবি করেন, বিদ্যুৎ খাতের সংকট বছরের পর বছর ধরে চলা ভুল পরিকল্পনা ও অস্বচ্ছ চুক্তির ফসল। 

একটি কল্যাণমুখী রাষ্ট্রে জনগণের পকেট না কেটে দুর্নীতি ও অপচয় বন্ধের মাধ্যমে সংকটের সমাধান করা উচিত। তাই অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে তারা বিদ্যুৎ খাতের সব চুক্তি ও ব্যয়ের পূর্ণাঙ্গ নিরপেক্ষ নিরীক্ষার দাবি জানিয়েছেন।