সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জ্বালানির মূল্যবৃদ্ধি না করে দুর্নীতি বন্ধের আহ্বান খেলাফত মজলিসের

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৭, ২০২৬, ০৯:০৪ পিএম

জ্বালানির মূল্যবৃদ্ধি না করে দুর্নীতি বন্ধের আহ্বান খেলাফত মজলিসের

বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি এবং সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পুশইনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। রোববার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই কর্মসূচি পালিত হয়।সমাবেশে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এমনিতেই দিশেহারা। নির্বাচনের অল্প সময়ের মধ্যে জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানোর ফলে জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই মূল্যবৃদ্ধি জনগণের ওপর নতুন বোঝা।

তিনি আরও বলেন, এই খাতে দুর্নীতি, অপচয় ও চাঁদাবাজি বন্ধ করলে দাম বাড়ানোর প্রয়োজন হতো না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দখলদারিত্ব, খুন ও ধর্ষণের মতো ঘটনা জনমনে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে সরকারকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পুশইন ও হয়রানির ঘটনাকে দেশের সার্বভৌমত্বের জন্য উদ্বেগের বলে উল্লেখ করেন মাওলানা জালালুদ্দীন। সরকারকে কার্যকর কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজীর সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জোর দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।