রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

উন্নয়নে বৈষম্য করলে বাঘের গর্জন হবে — ডা. শফিকুর

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০৩:১৭ পিএম

উন্নয়নে বৈষম্য করলে বাঘের গর্জন হবে — ডা. শফিকুর

উন্নয়নে বৈষম্য করলে বাঘের গর্জন হবে বলে হুশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, সরকারি দলের এমপিরা বরাদ্দ পেলেও বিরোধীদলীয় এমপিরা তা পাচ্ছেন না। আগে এমন বৈষম্য চললেও এখন তা মেনে নেওয়া হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।

নেত্রকোনার উন্নয়ন নিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, এখানে সাদামাটির পাহাড় ও সিলিকন বালির মতো মূল্যবান সম্পদ থাকলেও কোনো কলকারখানা গড়ে ওঠেনি। তিনি আরও বলেন, সরকার মাদক নিয়ন্ত্রণে বিল আনলেও তারা চান মাদক পুরোপুরি নির্মূল করতে। কারণ শুধু যুব সমাজ নয়, বরং বৃদ্ধরাও এই নেশায় আসক্ত হয়ে পড়ছেন। মাদক নির্মূলে সংসদ সদস্যদের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ভারত বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা করছে। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির পাশাপাশি তারা নিজেরাও সতর্ক থাকবেন। দেশের এক ইঞ্চি জায়গাও ছাড়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, প্রতিটি সরকারই ক্ষমতায় এসে দাবি করে যে আগের চেয়ে পরিস্থিতি ভালো। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন বলে মন্তব্য করেন তিনি।