জুলাই ৬, ২০২৬, ০৮:১১ পিএম
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকানুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছে পবিত্র কোরআনের ভিন্ন ভিন্ন আয়াত তেলাওয়াত করা নিয়ে বিশ্বজুড়ে আলোচনার মধ্যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি আয়াত পোস্ট করেছে। সোমবার জামায়াতের পেজে শেয়ার করা সুরা মুহাম্মদের ২৪ নম্বর আয়াতটিতে বলা হয়েছে—‘তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না? না তাদের অন্তর তালাবদ্ধ?’
এই আয়াতের মাধ্যমে ধর্মীয় বার্তার পাশাপাশি সুনির্দিষ্ট রাজনৈতিক ও আদর্শিক বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।আয়াতটির আক্ষরিক ও মর্মার্থ বিশ্লেষণ করলে দেখা যায়, এটি মানুষের বিবেককে জাগ্রত করার জন্য একটি প্রশ্ন। আল্লাহ এখানে মানুষকে কেবল তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না থেকে এর শিক্ষা ও হিদায়াত নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করার নির্দেশ দিয়েছেন। যারা সত্য জানার পরও কোরআন উপেক্ষা করে, তাদের অন্তরের অবস্থাকে এখানে ‘তালাবদ্ধ’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি মূলত তৎকালীন মুনাফিক ও কাফিরদের উদ্দেশ্য করে বলা হলেও এটি সব সময়ের জন্য প্রযোজ্য একটি আধ্যাত্মিক আহ্বান।
জামায়াতে ইসলামীর মতো একটি রাজনৈতিক দল যখন তাদের অফিশিয়াল পেজে এই আয়াত শেয়ার করে, তখন বিশ্লেষকরা একে কেবল ধর্মীয় বাণী হিসেবে দেখছেন না। জামায়াত তাদের রাজনৈতিক প্রতিপক্ষ, বিশেষ করে ধর্মনিরপেক্ষ বা উদারপন্থী দল ও বুদ্ধিজীবী মহলকে ইঙ্গিত করতে এই আয়াত ব্যবহার করে থাকে। তাদের বার্তা থাকে—যারা সমাজ ও রাষ্ট্রে ইসলামের বিধান মানতে চায় না, তারা আসলে কোরআন নিয়ে চিন্তা করে না এবং তাদের মন ‘তালাবদ্ধ’।
জামায়াতের মূল রাজনৈতিক লক্ষ্য ইসলামী রাষ্ট্রব্যবস্থা কায়েম করা। এই পোস্টের মাধ্যমে তারা কর্মী ও সমর্থকদের বার্তা দেয় যে, কোরআন নিয়ে গবেষণা করলে রাষ্ট্রের শাসনব্যবস্থায় ইসলামের প্রয়োজনীয়তা স্পষ্ট হবে। একইসঙ্গে দলের কর্মীদের সমাজ ও রাজনৈতিক পরিস্থিতি কোরআনের আলোয় মূল্যায়ন করার জন্য উদ্বুদ্ধ করা হয়। সুতরাং, এটি কেবল ধর্মীয় বাণী নয়, বরং দলের রাজনৈতিক দর্শন দৃঢ় করা ও প্রতিপক্ষের আদর্শকে ভুল প্রমাণ করার একটি কৌশলগত মাধ্যমও বটে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন