শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

রংপুর দখলের কথা বললে কলকাতা দখলের হুঁশিয়ারি অলি আহমদের

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ০৭:২২ পিএম

রংপুর দখলের কথা বললে কলকাতা দখলের হুঁশিয়ারি অলি আহমদের

রংপুর দখলের কথা বললে আমরা কলকাতা দখল করব" — ভারতের উদ্দেশে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ। শনিবার রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা, সীমান্তে পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভারতের উদ্দেশে অলি আহমদ বলেন, আপনাদের দাস-দাসীরা দিল্লিতে। বাংলাদেশে এখন আর আপনাদের দাসদের রাজত্ব নেই। সমাবেশে তিনি রংপুরবাসীদের উদ্দেশে বলেন, আপনাদের সন্তান আবু সাঈদ অকাতরে জীবন বিলিয়ে দিয়ে পুরো বাংলাদেশকে দিক-নির্দেশনা দিয়েছেন। তিনি আমাদের যে বার্তা দিয়েছেন, তা হলো—দেশের জন্য প্রয়োজনে প্রাণ দিতে হবে। কারও তাঁবেদারি করে থাকবেন না।

ভারতের সমালোচনা করে কর্নেল অলি বলেন, কয়েকদিন আগে ভারতীয় হাইকমিশনার বেনাপোল দিয়ে বাংলাদেশে এসেছেন। তিনি সুন্দর কবিতা শোনালেন—একই আকাশ, একই বাতাস। যদি আমাদের জন্য এতই আপনার মায়া হয়, তবে চারিদিকে কাঁটাতার কেন দিলেন? আমাদের জন্য যদি এতই প্রীতি হয়, কেন প্রত্যেকদিন পুশ-ইন করছেন? আমরা কেন ফারাক্কায় পানি পাচ্ছি না, কেন তিস্তায় পানি পাচ্ছি না? আমাদের যে অভিন্ন নদীগুলো আছে, সেখান থেকে পানি কেন আসছে না?

তিনি আরও বলেন, আমরা যখন উড়োজাহাজ কিনি, তখন আপনাদের পেটে ব্যথা শুরু হয়ে যায়। আপনারা যখন প্লেন কেনেন বা বড় বড় জাহাজ কেনেন, তখন আমরা তো কিছু বলি না। দেশের প্রয়োজনে ট্যাঙ্ক কেনা বা আর্টিলারি কেনা আমাদের নিজস্ব সিদ্ধান্ত।

অলি আহমদ বলেন, আমরা আপনাদের দাস নই। আপনাদের দাসী তো আপনাদের কাছে চলে গেছে। এখন তো দাসী এখানে নেই। যদি আমাদের সাথে সুসম্পর্ক করতে চান, তবে কাঁটাতারের বেড়া উঠিয়ে নিন এবং পুশ-ইন বন্ধ করুন। আর কখনো বলবেন না যে আপনারা রংপুর দখল করবেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা যদি বলেন রংপুর দখল করবেন, তবে আমরাও বলব কলকাতা দখল করব। আগের দিন শেষ, এখন নতুন জমানা শুরু। এই দাস-দাসীরা আর কোনোদিন বাংলাদেশ শাসন করতে পারবে না।