জুলাই ১৪, ২০২৬, ০৯:৩৯ পিএম
মহান জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আজ আমাদের শপথ নিতে হবে যে শহীদদের এই রক্ত যেন কোনোভাবেই বৃথা না যায়। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়বিচারভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমেই কেবল আমরা তাঁদের এই ঋণ আংশিক পরিশোধ করতে পারি।মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান জানান, ১৬ জুলাই জুলাই শহীদ দিবস আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবময় ও বেদনাবিধুর দিন। এই দিনে বৈষম্য ও জুলুমের বিরুদ্ধে সোচ্চার সকল শহীদকে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জামায়াত আমির বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ বুক পেতে দিয়েছিলেন। তাঁর আত্মত্যাগের পরই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে এবং গণআন্দোলনে রূপ নেয়। সেই গণঅভ্যুত্থানে প্রায় দেড় হাজার মানুষ শহীদ হয়েছেন এবং ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। অনেকের হাত, পা বা চোখ হারিয়ে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার শাসনের অবসান ঘটে। আজ দেশের জনগণ মুক্ত ও স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে, যা জুলাই গণআন্দোলনের ফসল। আগামী ১৬ জুলাই আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন