রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৫, ২০২৬, ০৯:১৩ পিএম

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ছবি - সংগৃহীত

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ছাড়ার একদিন পরই বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আবু সাদিক কায়েম। বুধবার (১৫ জুলাই) বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা করে তিনি দলের সহযোগী সদস্য ফরম পূরণ করেন।এ সময় তার সঙ্গে সদ্যবিদায়ী ছাত্রশিবিরের আরও বেশ কয়েকজন নেতা সদস্য ফরম পূরণের জন্য সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন।

এর আগে গত সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সাদিক কায়েম ইসলামি ছাত্রশিবির থেকে বিদায়ের ঘোষণা দেন। সর্বশেষ তিনি সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

দলের একাধিক সূত্র জানিয়েছে, জুন মাসে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে মেয়র পদের জন্য তার নাম উঠে আসে। তবে দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।জামায়াতের অভ্যন্তরীণ নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ ‘মজলিসে শূরা’র বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা হবে। 

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন তারা।সাদিক কায়েমের এই দলীয় পরিবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। আগামী নির্বাচনে তিনি বড় কোনো চমক হতে পারেন বলে দলের সংশ্লিষ্ট সূত্রগুলো আভাস দিচ্ছে।