সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৫:২০ পিএম
নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিরিন গার্ডেন হল মিলনায়তনে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
কবিরহাটে মেধাবীদের উৎসবমুখর মিলনমেলা। আয়োজনে কবিরহাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৫ জন কৃতী শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। কাঙ্ক্ষিত এই স্বীকৃতি হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির সভাপতিত্ব করেন এবং কবিরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন মামুন পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল। একই সঙ্গে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য তুলে ধরেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান।
অনুষ্ঠানে আরও অংশ নেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু এবং কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন