সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিপিএল শুরুর সময় জানাল বিসিবি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ০৭:৪০ পিএম

বিপিএল শুরুর সময় জানাল বিসিবি

বহু জল্পনা-কল্পনার পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভবিষ্যৎ নিয়ে জল্পনার অবসান ঘটল। আজ বিপিএল গভার্নিং কাউন্সিল আসরের সূচি, নিলামের তারিখ এবং দলসংখ্যা—সবকিছু একসঙ্গে পরিষ্কার করে দিয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর মাঠে গড়াচ্ছে ১৯ ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান হবে ১৭ ডিসেম্বর ঢাকায়। আর শিরোপা লড়াইয়ের ফাইনাল নির্ধারিত হয়েছে আগামী বছরের ১৬ জানুয়ারি।

এবারের আসরে দল থাকবে মোট ছয়টি। দীর্ঘদিন পর নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে 'নোয়াখালী এক্সপ্রেস', যার মালিক দেশ ট্রাভেলস। নতুন দল যুক্ত হওয়ায় ছয় দলের এই প্রতিযোগিতা আরও জমে উঠবে বলে আশা করা হচ্ছে।

অন্য পাঁচ দল হলো:

রংপুর রাইডার্স – বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস

ঢাকা ক্যাপিটালস – চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক–হারল্যান)

সিলেট টাইটান্স – ক্রিকেট উইথ সামি

চট্টগ্রাম রয়্যালস – ট্রায়াঙ্গাল সার্ভিস

রাজশাহী ওয়ারিয়র্স – নাবিল গ্রুপ

আসন্ন আসরের বহুল প্রতীক্ষিত প্লেয়ার্স ড্রাফট বসবে ৩০ নভেম্বর বিকেল তিনটায়। গভার্নিং কাউন্সিলের সদস্য ইফতেখার রহমান মিঠু সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ৫০০'র বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করলেও শেষ পর্যন্ত ২৫০ জনকে বাছাই করেছে বিসিবি।

৩০ নভেম্বরের নিলামের দিকেই এখন সবার চোখ—কোন দল কাকে নেয়, আর ১৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আসরে কারা ছড়াবে আলো, তা নিয়েই শুরু হলো নতুন করে উত্তাপ।