বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৯:৩৩ এএম

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল

ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে বাংলাদেশ ও চীনের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় আইসিসি র‍্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে শেষ চারে জায়গা করে নেয় বাংলাদেশ নারী দল। জাপানের নাগোয়ার কোরিগি অ্যাথলেটিক পার্কে নির্ধারিত ম্যাচটি মাঠ ভেজা থাকায় সময়মতো শুরু করা সম্ভব হয়নি।

বৃষ্টির কারণে মাঠ খেলার উপযোগী না থাকায় আম্পায়াররা নির্ধারিত সময়ের মধ্যে তিন দফায় মাঠ পরিদর্শন করেন। কিন্তু অতিরিক্ত আর্দ্রতা ও ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ মাঠে গড়ানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করেন অনফিল্ড আম্পায়াররা।

আইসিসির টুর্নামেন্ট নিয়ম অনুযায়ী, বৃষ্টির কারণে নির্ধারিত ২০ ওভারের ম্যাচ আয়োজন করা সম্ভব না হলে প্রথমে সুপার ওভারের মাধ্যমে ফল আনার চেষ্টা করা হয়। সেটিও সম্ভব না হলে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা দলকে বিজয়ী ঘোষণা করা হয়। এই নিয়ম অনুযায়ী সুবিধা পেয়েছে বাংলাদেশ। বর্তমান নারী টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে, আর চীনের অবস্থান ৩৭ নম্বরে। র‍্যাংকিংয়ে বড় ব্যবধানে এগিয়ে থাকায় বাই পেয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয় লাল-সবুজ দলের।

এদিকে নারী ক্রিকেটের সাফল্যের দিনে ফুটপাতা থেকেও মাঠে নামছে বাংলাদেশ। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নারী ফুটবল দলের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। বাংলাদেশ সময় বেলা ১টায় ওসাকায় ম্যাচটি শুরু হবে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ গোল হজম করেছিল বাংলাদেশ নারী ফুটবল দল।