বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্য আটক করেছে বিজিবি

মো: মামুনুর রশিদ

সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১১:০৫ এএম

সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্য আটক করেছে বিজিবি

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বৃহস্পতিবার ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ খাঁনপুর বিওপি, বিরামপুর ও কাটলা বিশেষ ক্যাম্পের টহল দল সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত এসব মাদকের মধ্যে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং অনিবন্ধিত যৌন উত্তেজক সিরাপ রয়েছে।

জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের মোট আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৩ হাজার ৩৮০ টাকা। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত চালানের মধ্যে রয়েছে এক হাজার ৯০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩৩৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ। এর পাশাপাশি ৫১ পিস বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধন সামগ্রী, ১০ প্যাকেট খাদ্যদ্রব্য ও ৩৬ প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়। একই অভিযানে চোরাচালান চক্রের ফেলে যাওয়া দুই কেজি জিরা এবং ১২ প্যাকেট আগরবাতিও আটক করে সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন জানিয়েছে যে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক কারবার পুরোপুরি বন্ধ করতে নিয়মিত গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মাদক ও চোরাচালানবিরোধী যৌথ অভিযান পূর্ণ পেশাদারিত্বের সাথে ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।