বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৭:২৬ পিএম

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের ক্রিকেট প্রতিযোগিতায় কোনো ম্যাচ না খেলেই সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেওয়ার এক অভাবনীয় সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশ নারী দলের সামনে। জাপানের নাগোয়া শহরে নারী ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ চীন। তবে ম্যাচটি শুরুর আগেই ভেন্যুর প্রতিকূল আবহাওয়া ও টানা বৃষ্টির পূর্বাভাসে খেলা মাঠে গড়ানো নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষিত হলে মাঠের লড়াই ছাড়াই শেষ চারে পৌঁছে যাবে নিগার সুলতানাদের দল। নাগোয়ায় টানা বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচ ঘিরে অনিশ্চয়তা। যদিও এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, তবে মাঠের ক্রিকেট লড়াই শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর থেকেই। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় সকাল ৯টায় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও চীনের। 

কিন্তু সেপ্টেম্বর মাস নাগোয়া শহরের জন্য বছরের সবচেয়ে বৃষ্টিবহুল সময় হওয়ায় সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই বৈরী পরিস্থিতির কারণে ম্যাচের ঠিক আগে বাংলাদেশ দলের নিয়মিত মাঠের অনুশীলনও বিঘ্নিত হয়েছে। ম্যাচ আয়োজক ও আম্পায়াররা অবশ্য খেলা সম্পন্ন করতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন। যদি বৃষ্টি বা ভেজা মাঠের কারণে নির্ধারিত ২০ ওভারের নিয়মিত ম্যাচ পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে, তবে সংক্ষিপ্ততম ‘সুপার ওভারের’ মাধ্যমে জয়-পরাজয় নির্ধারণের চেষ্টা করা হবে। তবে আবহাওয়া চরম আকার ধারণ করলে এবং সুপার ওভারের লড়াইও মাঠে নামানো সম্ভব না হলে সরাসরি আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ের সাহায্য নেওয়া হবে।

আর এই র‍্যাঙ্কিং সমীকরণেই বিশাল সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের বর্তমান অবস্থান ১০ নম্বরে, যার বিপরীতে চীনের অবস্থান অনেক পিছিয়ে ৩৭ নম্বরে। টুর্নামেন্টের আন্তর্জাতিক নিয়মাবলিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ম্যাচ কোনোভাবেই আয়োজন সম্ভব না হলে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকেই জয়ী ঘোষণা করা হবে। ফলে প্রকৃতির বৈরিতায় বল মাঠে না গড়ালেও র‍্যাঙ্কিংয়ের শক্তিতে বল্গাহীনভাবেই সেমিফাইনালের মঞ্চে উঠে যাবে বাংলাদেশ।