বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের প্রস্তাব

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১০:৪৩ এএম

জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের প্রস্তাব

ছবি: সংগৃহীত

বাংলাদেশের উদীয়মান জাহাজ নির্মাণ শিল্পে সরাসরি বিনিয়োগের গভীর আগ্রহ প্রকাশ করেছে চীনের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান জুলং গ্রুপ। বুধবার নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং।  নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে আধুনিক নৌযান নির্মাণ ও মেরিটাইম খাতের উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। 

বৈঠকে জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং জানান, বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং বিদ্যমান দক্ষ মানবসম্পদকে কাজে লাগিয়ে তার প্রতিষ্ঠান এখানে বিভিন্ন ধরনের সর্বাধুনিক নৌযান ও আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ করতে চায়। এই উদ্যোগে উৎপাদিত উন্নত নৌযানগুলো দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থার চাহিদা মেটানো সম্ভব হবে। একই সঙ্গে উৎপাদিত এসব বাণিজ্যিক জলযান বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করার এক সুদূরপ্রসারী অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করেছে জুলং গ্রুপ। 

চীনের এই বিনিয়োগ উদ্যোগকে স্বাগত জানিয়ে নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান জানান, বাংলাদেশ সরকার বিদেশি উদ্যোক্তাদের জন্য ইতিমধ্যে একটি চমৎকার এবং নিরাপদ ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করেছে। জাহাজ নির্মাণ শিল্পের মতো সম্ভাবনাময় খাতে চীনের এই পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী বলে তিনি মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরও আশ্বাস দেন যে বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ডের জাহাজ নির্মাণ ও তা বিশ্ববাজারে রপ্তানি করার প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে নীতিগত এবং প্রশাসনিকসহ সব ধরনের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে। এই যৌথ শিল্প উদ্যোগ পুরোদমে বাস্তবায়িত হলে বাংলাদেশের মেরিটাইম সেক্টরে ব্যাপক তরুণ জনগোষ্ঠীর নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জনের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।